logo

স্যান্ডপেপার বিতর্কে মুখ খুললেন লেহম্যান, অস্বীকার করলেন অভিযোগ

স্যান্ডপেপার বিতর্কে মুখ খুললেন লেহম্যান, অস্বীকার করলেন অভিযোগ
ড্যারেন লেহম্যান। পুরোনো ছবি

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক অভিযোগের পর এবার মুখ খুলেছেন সেই সময়ের প্রধান কোচ ড্যারেন লেহম্যান। ব্যানক্রফটের দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন লেহম্যান। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ। জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। একই সঙ্গে আট বছর আগের সেই ঘটনার ব্যক্তিগত প্রভাব নিয়েও কথা বলেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টির আগে এবিসি রেডিওকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেন লেহম্যান। ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা নিয়ে নিজের আগের অবস্থানেই অনড় থাকার কথা জানান তিনি।

Advertisement

লেহম্যান বলেন, ‘২০১৮ সালে যা ঘটেছিল, সে বিষয়ে আমার অবস্থান বদলায়নি। সেটি ছিল খুব অন্ধকার সময়। আমরা অনেক কিছুই ভুল করেছিলাম। কিন্তু আমার বক্তব্য এখনো আগের মতোই আছে।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানে চার হাজারের বেশি শব্দের একটি লেখা প্রকাশ করেন ব্যানক্রফট। সেখানে দাবি করেন, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দলের অন্য সদস্যদের পাশাপাশি কোচিং স্টাফও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

ব্যানক্রফটের বর্ণনা অনুযায়ী, কেপটাউন টেস্টের আগের ম্যাচে পোর্ট এলিজাবেথে চা-বিরতির সময় স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেই আলোচনায় তৎকালীন বোলিং কোচ ডেভিড সেকারের পাশাপাশি প্রধান কোচ লেহম্যানও উপস্থিত ছিলেন বলে দাবি তাঁর।

তবে সেই আলোচনায় নিজের উপস্থিতির কথা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন লেহম্যান।

সাবেক অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘ওই আলোচনায় উপস্থিত থাকার কথা আমার মনে নেই। আবার ঘটনাটি সাড়ে আট বছর আগের। এ বিষয়ে অন্যদের জিজ্ঞাসা করতে হবে। আমার নিজের একটি বর্ণনা আছে এবং আমি সেটিতেই অটল।’

কেপটাউন টেস্টে ব্যানক্রফটের কাছ থেকে স্যান্ডপেপার সরিয়ে নেওয়ার ঘটনা নিয়েও লেহম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যানক্রফটের অভিযোগ, টেলিভিশন ক্যামেরায় ঘটনা ধরা পড়ার পর ওয়াকিটকির মাধ্যমে পিটার হ্যান্ডসকম্বকে স্যান্ডপেপার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন লেহম্যান।

ব্যানক্রফটের যুক্তি, আগে থেকে বিষয়টি না জানলে লেহম্যান এমন নির্দেশ দিতেন না।

তবে সেই ব্যাখ্যাও মানতে নারাজ অস্ট্রেলিয়ার সাবেক কোচ। তার দাবি, টেলিভিশনের পর্দায় ব্যানক্রফটকে স্যান্ডপেপার লুকাতে দেখার পরই প্রথম বিষয়টি সম্পর্কে জানতে পারেন তিনি। এর আগে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনার কথা জানতেন না।

লেহম্যান বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন। টেলিভিশনে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এসব ঘটেছিল। ক্যামেরনের নিজের একটি বর্ণনা আছে, আমার বর্ণনা আলাদা।’

তবে পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানার অভিযোগ অস্বীকার করলেও পুরো ঘটনার দায় এড়িয়ে যাননি লেহম্যান। তার মতে, রিভার্স সুইং পাওয়ার জন্য বলের এক পাশ পুরোনো করার চেষ্টা ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে সেই চেষ্টা গ্রহণযোগ্য সীমা ছাড়িয়ে গিয়েছিল।

লেহম্যান বলেন, ‘২০১৮ সালে বিষয়টি অনেক দূর গড়িয়েছিল। প্রধান কোচ হিসেবে এর দায় আমারও। আমরা ভুল করেছি। যা ঘটেছিল, তার জন্য আমি দুঃখিত।’

স্যান্ডপেপার কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন লেহম্যান। সেই ঘটনার ব্যক্তিগত প্রভাব নিয়েও এবার খোলামেলা কথা বলেছেন তিনি।

সাবেক কোচ বলেন, ‘অনেকে বলেন, আমি কিছুই হারাইনি। অথচ আমি বিশ্বের সেরা চাকরিটাই হারিয়েছিলাম। এরপর এমন এক অন্ধকার সময়ে চলে গিয়েছিলাম, যা ভাষায় প্রকাশ করা কঠিন।’

স্বাভাবিক জীবনে ফিরতে তিন থেকে চার বছর সময় লেগেছিল বলেও জানিয়েছেন লেহম্যান। পুরোনো সেই পরিস্থিতিতে আর ফিরে যেতে চান না তিনি।

তার ভাষায়, ‘স্বাভাবিক অবস্থায় ফিরতে আমার সম্ভবত তিন-চার বছর লেগেছিল। আমি আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই।’

ব্যানক্রফটের প্রতি কোনো ক্ষোভ নেই বলেও জানান অস্ট্রেলিয়ার সাবেক কোচ। বরং সাবেক শিষ্যের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট ক্রিকেটার, কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর ব্যক্তিগত আক্রমণ নিয়েও উদ্বেগ জানিয়েছেন।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। সেই ঘটনায় তাকে নয় মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার পান এক বছরের নিষেধাজ্ঞা।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই তদন্তে লেহম্যানের বিরুদ্ধে পরিকল্পনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এরপরও প্রধান কোচের পদ ছাড়েন তিনি।

চলতি মাসে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে পুরোনো ঘটনাটি। খাজার দাবি, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু তিন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ওয়ার্নারও। এরপর ব্যানক্রফটের বিস্তারিত বিবরণে বিতর্ক আরও বেড়েছে।

অন্যদিকে বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন বোলার আগে থেকে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে জানার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শনিবার কামিন্সের অধিনায়কত্বের প্রতি সর্বসম্মত সমর্থনও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পুরোনো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে বোর্ড। তবে নতুন করে আনুষ্ঠানিক তদন্ত শুরুর পরিকল্পনা নেই তাদের।

এমন পরিস্থিতিতে লেহম্যানের সর্বশেষ বক্তব্যে স্যান্ডপেপার বিতর্কের নিষ্পত্তি হয়নি। বরং আট বছর আগের ঘটনা নিয়ে ব্যানক্রফটের অভিযোগ ও সাবেক কোচের বিপরীত অবস্থান বহাল রইল।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট