Advertisement

বিশ্বকাপের পর কবে খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ নিয়ে বিভ্রান্তি

এশিয়া পোস্ট স্পোর্টস
বিশ্বকাপের পর কবে খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ নিয়ে বিভ্রান্তি
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: ফিফা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে বিরতিতে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর আলবিসেলেস্তেদের মাঠে ফেরার সম্ভাব্য সময় জানা গেলেও প্রতিপক্ষ নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি।

ফিফার আন্তর্জাতিক ম্যাচের সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে আবার মাঠে নামবে আর্জেন্টিনা। এই সময়ের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। তবে ম্যাচ দুটির প্রতিপক্ষ, নির্দিষ্ট তারিখ, সময় কিংবা ভেন্যু এখনো ঘোষণা করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, ২৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে মেক্সিকো এবং ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। কোনো নির্ভরযোগ্য আর্জেন্টাইন সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনের ঘোষণায় অবশ্য এই সূচির সত্যতা পাওয়া যায়নি।

বরং মেক্সিকান ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক সূচিই মেক্সিকোর বিপক্ষে ম্যাচের দাবিটিকে ভুল প্রমাণ করছে। সেখানে ২৬ সেপ্টেম্বর বাল্টিমোরে কলম্বিয়ার বিপক্ষে মেক্সিকোর ম্যাচ রাখা হয়েছে। এরপর ২৯ সেপ্টেম্বর পেরু এবং ৬ অক্টোবর চিলির মুখোমুখি হবে মেক্সিকো। ফলে একই দিনে লস অ্যাঞ্জেলেসে তাদের আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ নেই।

৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের ম্যাচ নিয়েও এএফএ বা যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের কোনো ঘোষণা পাওয়া যায়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের সূচিটি বিশ্বাসযোগ্য নয়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও টিএন জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ, ভেন্যু ও নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি।

এরপর ৯ থেকে ১৭ নভেম্বর আরেকটি আন্তর্জাতিক বিরতি রয়েছে। সেটিই হবে ২০২৬ সালে আর্জেন্টিনার ম্যাচ খেলার শেষ সুযোগ। ওই সময়ের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি।