২০ বছর পর নাইকি ছাড়লেন এমবাপ্পে
-04af89-720x405.webp)
দুই দশকের সম্পর্ক শেষ করে নাইকি ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স অধিনায়ক এবার যুক্ত হয়েছেন সুইস ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অন-এর সঙ্গে। ফুটবলের বাজারে প্রথমবার প্রবেশ করতে যাওয়া প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় মুখও হতে যাচ্ছেন এমবাপ্পে।
মাত্র নয় বছর বয়সে ২০০৬ সালে নাইকির সঙ্গে পথচলা শুরু হয়েছিল এমবাপ্পের। বয়সভিত্তিক ফুটবল থেকে বিশ্বকাপজয়ী তারকা হয়ে ওঠার পুরো যাত্রায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির বুট পরেছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে নাইকির ফুটবল বিভাগের অন্যতম প্রধান বৈশ্বিক দূতও ছিলেন ফরাসি ফরোয়ার্ড।
শুক্রবার এমবাপ্পেকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবলে প্রবেশের ঘোষণা দিয়েছে অন। নতুন চুক্তিতে তিনি প্রতিষ্ঠানটির বৈশ্বিক দূত হিসেবে কাজ করবেন। একই সঙ্গে ভবিষ্যতের ফুটবল বুট ও পোশাক তৈরির প্রক্রিয়ায় অন-এর পণ্য উন্নয়ন দলের সঙ্গেও সরাসরি যুক্ত থাকবেন।
চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে রয়টার্স জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে সমঝোতায় অর্থের পাশাপাশি প্রতিষ্ঠানটির শেয়ারের অংশও রয়েছে। অর্থাৎ শুধু প্রচারণার মুখ হিসেবেই নয়, অন-এর ব্যবসায়িক অংশীদারত্বও থাকছে তাঁর।
নতুন যাত্রা নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘শুরু থেকেই আমাকে সবচেয়ে বেশি টেনেছে একসঙ্গে সম্পূর্ণ নতুন কিছু তৈরির সুযোগ।’ তার মতে, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের ফুটবলের জন্য নতুন কিছু তৈরির সুযোগই এই সিদ্ধান্তের বড় কারণ।
দৌড় ও টেনিসের সামগ্রী দিয়ে পরিচিতি পাওয়া অন এখন ফুটবলেও বড় পরিসরে ঢুকতে চায়। প্রতিষ্ঠানটির প্রথম ফুটবল বুট বাজারে আসার পরিকল্পনা রয়েছে ২০২৭ সালে। পণ্য তৈরিতে নিজেদের ‘লাইটস্প্রে’ প্রযুক্তিও ব্যবহার করবে তারা।
এমবাপ্পের পাশাপাশি ফুটবল প্রকল্পে বড় একটি নাম যুক্ত করেছে অন। ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরিকে প্রতিষ্ঠানটির ফুটবল পরিচালক করা হয়েছে। ২০২৫ সালের শেষ দিক থেকেই ফুটবল বাজারে প্রবেশের পরিকল্পনায় অন-এর সঙ্গে কাজ করছিলেন তিনি।
টেনিস কিংবদন্তি রজার ফেদেরারও দীর্ঘদিন ধরে অন-এর সঙ্গে যুক্ত এবং প্রতিষ্ঠানটির অংশীদার। এবার এমবাপ্পেকে নিয়ে ফুটবলে প্রবেশের মাধ্যমে নাইকি, অ্যাডিডাস ও পুমার আধিপত্যের বাজারে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে সুইস প্রতিষ্ঠানটি।
এমবাপ্পেকে হারানো সাম্প্রতিক সময়ে নাইকির জন্য আরেকটি বড় ধাক্কা। বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা লামিন ইয়ামালও সম্প্রতি নাইকি ছেড়ে অ্যাডিডাসে যোগ দিয়েছেন। যদিও ফ্রান্স জাতীয় দলের সঙ্গে নাইকির পোশাক সরবরাহের চুক্তি ২০৩৩-৩৪ মৌসুম পর্যন্ত রয়েছে।
এমবাপ্পের বিদায়ের পর নাইকি এক বিবৃতিতে জানিয়েছে, মাঠ ও মাঠের বাইরে দুপক্ষের দীর্ঘ সম্পর্কের অর্জন নিয়ে তারা গর্বিত এবং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য ফরাসি তারকাকে শুভকামনা জানিয়েছে।


