logo

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি, কৃষক-জেলেদের প্রতি জরুরি সতর্কতা

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি, কৃষক-জেলেদের প্রতি জরুরি সতর্কতা
বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ট্রলার। ফাইল ছবি

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি গভীর নিম্নচাপে ও পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে। এতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চারটি বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানান আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে বিভিন্ন অঞ্চলের কৃষকদের আমন ধানসহ শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কার করা জানিয়েছেন তিনি। পাশাপাশি সমুদ্রে মাছ ধরারত জেলেরা ও উপকূলীয় এলাকার শুঁটকি ব্যবসায়ীদেরও সতর্ক করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব বিষয়ে জরুরি সতর্কতার কথা জানান।

মোস্তফা কামাল পলাশ বলেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) গভীর নিম্নচাপে ও আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সাম্ভব্য এই ঘূর্ণিঝড়টি আগামী ১৯ বা ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা রাজ্যের উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপকূলের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই আবাহওয়াবিদ বলেন, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা অপেক্ষাকৃত কম। তবে এটি বাংলাদেশের ওপরে সরাসরি আঘাত না করলেও এর কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চারটি বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানান তিনি।

কৃষকদের সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশে এখন আমন ধান কাটার মৌসুম চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাঠে পাকা আমন ধান রয়েছে। একই সঙ্গে কৃষকরা আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষ শুরু করেছেন। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে দেশের কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

এখনও কৃষকদের হাতে চার দিন সময় রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী চার দিনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সাম্ভব্য এই ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

কৃষকদের প্রতি পরামর্শ

১. আমন ধান সংগ্রহ: যেসব এলাকায় আমন ধান ইতোমধ্যে পেকে গেছে এবং আবহাওয়া অনুকূলে রয়েছে, সেসব এলাকার কৃষকদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া।

২. সেচ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত: আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষিদের আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় জমিতে কৃত্রিম সেচ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া, বিশেষ করে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

জেলেদের জন্য পরামর্শ

সমুদ্রে মাছ ধরারত জেলেদের ১৭ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরত আসার পরামর্শ দেওয়া যাচ্ছে। ১৮ নভেম্বর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে। ওই দিন থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে।

উপকূলীয় শুঁটকি ব্যবসায়ীদের জন্য পরামর্শ

মোস্তফা কামাল পলাশ জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় ১৮ নভেম্বর বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। ফলে উপকূলীয় এলাকার শুঁটকি ব্যবসায়ীদের ১৭ নভেম্বরের মধ্যে সব শুঁটকি বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

নাছির আহমেদ

সম্পাদনা

নাছির আহমেদ

অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর | এশিয়া পোস্ট