ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

এশিয়া পোস্ট ডেস্ক
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
রোববার সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি। ছবি: এশিয়া পোস্ট

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ (মঙ্গলবার) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আগামীকাল (বুধবার) সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।