ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষ, আসামে নিহত ২৩

ভারতের আসামে একটি কন্টেইনার ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১৩ থেকে ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে রাজ্যটির গোলাঘাট জেলায় কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে দুর্ঘটনাটি ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যাত্রীবোঝাই ট্রাভেলার বাসটি বোকাখাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল কর্ণাটকের নম্বরপ্লেটযুক্ত একটি কন্টেইনার ট্রাক। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে ২৩ জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে বাসের চালক ও বেশ কয়েকজন কলেজশিক্ষার্থী রয়েছেন।
প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। এর ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনতে উদ্ধার অভিযান শুরু করেন।
সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, ‘আমরা প্রাথমিক খবর পেয়েছি যে দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে আছি। বাস থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
পুলিশ কর্মকর্তা স্বপ্ননীল ডেকা আরও বলেন, ‘উদ্যানের কাছে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। আমরা মনে করি, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি কন্টেইনার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতেই দুর্ঘটনাটি ঘটে।’
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আজ কাজিরাঙায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই ক্ষতির ব্যাপকতা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। যে পরিবারগুলো প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা রইল। কোনো কথাই তাদের বেদনা লাঘব করতে পারবে না। কিন্তু আমি তাদের জানাতে চাই, তারা একা নন। এই শোকের মুহূর্তে সমগ্র আসাম তাদের পাশে আছে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এখন প্রধান অগ্রাধিকার হলো আহত ব্যক্তিরা যেন অবিলম্বে সর্বোত্তম চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা। মাননীয় মন্ত্রী শ্রী অতুল বরা ঘটনাস্থলে রয়েছেন এবং ব্যক্তিগতভাবে ত্রাণ কার্যক্রম তদারক করছেন। আমি আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহত পরিবারগুলোর জন্য শক্তি প্রার্থনা করি।’
(2)-6182f1.jpg)

