দিল্লিতে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান নেওয়া কংগ্রেস নেতা ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। এ সময় তার বোন, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য অখিলেশ যাদবকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তাদের জোরপূর্বক সরিয়ে দেয় পুলিশ।
কিন্তু তারা স্থান ত্যাগ না করলে আটক করে প্রিজনভ্যানে তোলা হয়। তাদের ছাড়াও আরও কয়েকজন কংগ্রেসে নেতাকর্মীকে আটক করা হয়েছে এখন পর্যন্ত জানা গেছে।
এর আগে, সোমবার ভারতের সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পথযাত্রায় পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে প্রতিবাদে রাজপথে নামেন কংগ্রেসসহ অন্যান্য রাজনৈতিক নেতারা। তারা ছাত্রদের ওপর পুলিশের দমন-পীড়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর পুলিশ যে নৃশংসতা ও বলপ্রয়োগ করেছে, সে বিষয়ে সরকারের কাছে জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদির বাসভবন পর্যন্ত গণমিছিল করেছি।’
তিনি আরও বলেন, সরকার কোনো দায় নিতে চায় না, কিংবা সংসদে এ নিয়ে কোনো গঠনমূলক বিতর্কেও জড়াতে রাজি নয়। ভারতের কোটি কোটি যুবকের ভবিষ্যৎ এভাবে ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারকে সরাসরি দায়ী করে কংগ্রেস নেতাকর্মীরা মোদিবিরোধী নানা স্লোগান দেন। প্রধানমন্ত্রী বাসভবনের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সরাসরি এই বিক্ষোভ ভারতের রাজনৈতিক ময়দানে নতুন করে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
.png)





