logo

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল ইলন মাস্কের স্পেসএক্স

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল ইলন মাস্কের স্পেসএক্স
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা একটি মহাকাশযানকে বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে মাঝ আকাশে ধরে ফেলতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এই সাফল্য সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে স্পেসএক্সের স্টারশিপ। এরপর নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে স্থাপিত বিশাল দুটি যান্ত্রিক বাহুর (চপস্টিক আর্মস) মাঝখানে নিখুঁতভাবে আটকে যায় মহাকাশযানটি।

মহাকাশযানকে এভাবে আকাশেই ধরে ফেলার সক্ষমতা অর্জন মহাকাশশিল্পের কয়েক দশকের অন্যতম বড় প্রযুক্তিগত লক্ষ্য। এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হলে রকেট পুনর্ব্যবহারের মাধ্যমে মহাকাশ অভিযানের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। পাশাপাশি অল্প সময়ের ব্যবধানে বারবার রকেট উৎক্ষেপণের সুযোগ তৈরি হবে।

স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুয়েট এ সাফল্যকে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রচণ্ড গতিতে আগুনের মধ্য দিয়ে পৃথিবীতে ফিরে আসা একটি মহাকাশযানকে ইস্পাতের বাহু দিয়ে আকাশেই ধরে ফেলা ছিল মহাকাশ অভিযানের অন্যতম বড় স্বপ্ন। এবার স্টারশিপকে সফলভাবে ধরে ফেলা সম্ভব হয়েছে।

এই দৃশ্য সরাসরি দেখতে স্টারবেসের কাছে মেক্সিকো উপসাগরের সৈকতে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক মানুষ। মহাকাশযানটি যান্ত্রিক বাহুর মধ্যে আটকে যাওয়ার মুহূর্তে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্পেসএক্সের সরাসরি সম্প্রচারে অবতরণের শেষ পর্যায়ে ১৯৭৭ সালের জনপ্রিয় গান ‘বেবি কাম ব্যাক’ বাজানো হয়।

১৫তম পরীক্ষামূলক উড্ডয়নে বড় সাফল্য

বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট ব্যবস্থা হিসেবে পরিচিত স্টারশিপের এটি ছিল ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন। প্রায় ২২ ঘণ্টার এই যাত্রায় মহাকাশযানটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। এ সময় ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের জন্য ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে।

এর আগে স্পেসএক্স তিনবার পৃথিবীতে ফিরে আসা রকেটের বুস্টার অংশকে যান্ত্রিক বাহুর সাহায্যে ধরে ফেলেছিল। তবে এবার পুরো স্টারশিপ মহাকাশযানকে ধরে ফেলা ছিল অনেক বেশি জটিল। কারণ, বুস্টারের তুলনায় স্টারশিপ অনেক বেশি উচ্চতা থেকে এবং অধিক গতিতে পৃথিবীতে ফিরে আসে।

এই সাফল্যের পর স্পেসএক্সের কর্মীদের অভিনন্দন জানান ইলন মাস্ক। যান্ত্রিক বাহুর মধ্যে ঝুলে থাকা স্টারশিপের ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘যানটিকে দেখতে দারুণ লাগছে!’

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) মহাকাশবিষয়ক বিশেষজ্ঞ ক্লেটন সোয়োপ এই অর্জনকে বড় প্রযুক্তিগত সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তবে তার মতে, স্পেসএক্স কত দ্রুত একই ধরনের সাফল্য আবারও অর্জন করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড এমার্জিং টেকনোলজির এই বিশ্লেষক আরও বলেন, গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান ও সংবেদনশীল সরঞ্জাম পরিবহনের সক্ষমতা প্রমাণ করতে হলে স্পেসএক্সকে বারবার এ ধরনের সফলতা দেখাতে হবে।

জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে ফিরল স্টারশিপ

স্পেসএক্সের জ্যেষ্ঠ প্রকৌশলী লার্স ব্ল্যাকমোর জানান, মহাকাশযানটির পৃথিবীতে ফেরার পথ নির্ধারণের সময় জনবসতিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে যাওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, স্টারশিপ প্রথমে জনবসতিহীন মরুভূমি এলাকার ওপর দিয়ে উড়ে যায়। এরপর বিভিন্ন শহর এড়িয়ে বড় একটি বাঁক নিয়ে টেক্সাসের রিও গ্রান্ডে ভ্যালির শহরগুলোর চারপাশ দিয়ে পূর্ব দিক থেকে অবতরণস্থলের দিকে এগিয়ে আসে। প্রকৌশলীরা এই বিশেষ উড্ডয়ন কৌশলের নাম দিয়েছেন ‘জায়ান্ট সুইশ ম্যানুভার’।

স্টারশিপের বিভিন্ন সংস্করণ ব্যবহার করে ভবিষ্যতে ইন্টারনেট স্যাটেলাইট ও তথ্যকেন্দ্রের সরঞ্জাম মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে স্পেসএক্সের। এ ছাড়া চাঁদ ও মঙ্গলে মানুষ পরিবহনের জন্যও মহাকাশযানটির পৃথক সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন আরও বেশি মানুষ এই প্রকল্পের সাফল্যে বিশ্বাসী হচ্ছেন। প্রতিষ্ঠানটি চাঁদে পৌঁছানোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে।

ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী, স্টারশিপকে এমন একটি রকেট ব্যবস্থায় রূপান্তর করা হবে, যা অল্প সময়ের মধ্যে পুনরায় প্রস্তুত করে বারবার উৎক্ষেপণ করা যাবে। তার দীর্ঘমেয়াদি লক্ষ্য প্রতি ঘণ্টায় একটি করে রকেট উৎক্ষেপণ করা। এর মাধ্যমে বিপুল পরিমাণ ইন্টারনেট স্যাটেলাইট, তথ্যকেন্দ্রের সরঞ্জাম ও অন্যান্য উপকরণ মহাকাশে পাঠানো সম্ভব হবে।

জ্বালানি স্থানান্তর ও বুস্টারের কার্যক্ষমতা বড় চ্যালেঞ্জ

ইলন মাস্ক এরই মধ্যে আংশিক পুনর্ব্যবহারযোগ্য ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশ পরিবহন খাতে বড় পরিবর্তন এনেছেন। এসব রকেট নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

তবে স্টারশিপের পূর্ণাঙ্গ পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা চালু করতে এখনো বেশ কিছু প্রযুক্তিগত বাধা রয়েছে। বিশেষ করে মহাকাশে এক যান থেকে অন্য যানে জ্বালানি স্থানান্তর একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া সুপার হেভি বুস্টারের কার্যক্ষমতাও আরও উন্নত করতে হবে। শুক্রবার পৃথিবীতে ফিরে আসার সময় বুস্টারটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ফলে সেটিকে নির্ধারিত পথে না নামিয়ে মেক্সিকো উপসাগরের দিকে সরিয়ে নিতে হয়।

এদিকে গত জুনে শেয়ারবাজারে আলোচিত যাত্রা শুরুর মাধ্যমে প্রায় ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে স্পেসএক্স।

শুক্রবার স্টারবেসে প্রায় ১০ লাখ বর্গফুট বা ৯৩ হাজার বর্গমিটার আয়তনের কারখানা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বর্তমানে প্রতি দুই সপ্তাহে একটি স্টারশিপ এবং প্রতি চার সপ্তাহে একটি সুপার হেভি বুস্টার তৈরির সক্ষমতা রয়েছে তাদের।

নতুন এই সাফল্যের ফলে মহাকাশযান পুনর্ব্যবহারের ক্ষেত্রে স্পেসএক্স আরও এক ধাপ এগিয়ে গেলেও, নিয়মিত ও নিরাপদ উৎক্ষেপণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে এখনো বেশকিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট