মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে একজনের ফাঁসি

শত্রুরাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৮ জানুয়ারি) হামিদরেজা সাবেত এসমাইলিপুর নামে ওই ব্যক্তিকে দণ্ডাদেশ কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, কয়েক দশক ধরে চলা ছায়াযুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক ও দেশের অভ্যন্তরে তাদের কার্যক্রম পরিচালনার জন্য ওই ব্যক্তির সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
মিজান জানায়, গত বছরের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন হামিদরেজা সাবেত এসমাইলিপুর। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যম আদালতের আদেশ কার্যকর করা হয়। তিনি মোসাদের পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তি করে দেশের গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হস্তান্তর করছিলেন।
২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় মার্কিন বাহিনী। তখন থেকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অবশ্য এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।