পরমাণু অস্ত্র পরিহারে রাজি ইরান, দাবি ট্রাম্পের

এশিয়া পোস্ট নিউজ
পরমাণু অস্ত্র পরিহারে রাজি ইরান, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন শর্তে ইতোমধ্যেই সম্মত হয়েছে তেহরান। মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউসে তার নতুন অভ্যন্তরীণ নিরাপত্তা সচিবের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এ সময় তিনি বলেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদের বক্তব্য ‘যুক্তিসঙ্গত’। তার ভাষায়, যেকোনো সমঝোতার ভিত্তি একটাই ‘ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না’।

ট্রাম্প বলেন, ‘আমি আগে থেকে কিছু বলতে চাই না, কিন্তু তারা একমত হয়েছে যে তাদের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না।’

ইরান একটি চুক্তি করতে ‘মরিয়া’ বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এখন ‘সঠিক লোকদের সঙ্গেই কথা বলছে’ এবং ইরান এমন অবস্থায় আছে যে তারা দ্রুত সমঝোতায় যেতে চায়।

এ সময় তিনি আরও একটি বিস্ময়কর দাবি তোলেন। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রকে তেল ও গ্যাস সংশ্লিষ্ট ‘বিপুল পরিমাণ অর্থমূল্যের’ একটি উপহার দিয়েছে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি। শুধু ইঙ্গিত দেন, বিষয়টি হরমুজ প্রণালি–সংক্রান্ত।

ট্রাম্প বলেন, ইরানি আলোচকেরা সাম্প্রতিক বৈঠকে এমন কিছু করেছে, যা ‘সত্যিই আশ্চর্যজনক’ এবং সেটিকে তিনি একটি বড় ধরনের ‘উপহার’ হিসেবে দেখছেন।

এর আগে হোয়াইট হাউসে দেওয়া আরেক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ‘জয়লাভ করেছে’।

তিনি আরও দাবি করেন, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, বিশেষ করে সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ধ্বংস করা হলে তেহরানের কিছুই করার থাকবে না।

ট্রাম্পের ভাষায়, ইরান এখন ‘সামরিকভাবে নিশ্চিহ্ন’ অবস্থায় রয়েছে। তার এই মন্তব্য নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।