টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা টিএসসিতে অবস্থান নিয়েছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের সামনে অবস্থান নেয় পুলিশ। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।
এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাবি ক্যাম্পাসে তার অবস্থানকালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নীলক্ষেত-টিএসসি এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাবমুখী হলে প্রধানমন্ত্রী ক্যাম্পাস ত্যাগ করেন।
সর্বশেষ খবর অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ২০২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী পরিচয়ে প্রায় বেশ কিছু শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচি শেষে তারা নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিটে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর শিক্ষার্থীরা আবার তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে এগিয়ে শিক্ষা বোর্ডে ঘেরাও করেন।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগানও দেন।




