Advertisement

জাতীয় দুই দিবস আলাদাভাবে পালনের সিদ্ধান্ত

এশিয়া পোস্ট ডেস্ক
জাতীয় দুই দিবস আলাদাভাবে পালনের সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত

জাতীয় যুব দিবস এবং আন্তর্জাতিক যুব দিবস আগের মতো আলাদাভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এখন থেকে প্রতি বছরের ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ পালনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় যুব দিবস’ আগের মতো প্রতি বছর ১ নভেম্বর পালনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোগে প্রতি বছরের ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ পালন করা হতো। অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ ১২ আগস্ট পালন করার সিদ্ধান্ত দেয়।

আরও জানানো হয়, ২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে পালনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করতে অসুবিধার সম্মুখীন হন।

জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে পালিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। ফলে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে পালনের প্রস্তাব অনুমোদন করেছে।