সমঝোতার রাজনীতিতে সংসদের কার্যকারিতা কমছে: রুহিন হোসেন প্রিন্স

ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে সমঝোতার রাজনীতির কারণে সংসদের কার্যকারিতা কমছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক দর্শনে কোনো পার্থক্য না থাকায় জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে কার্যকর বিতর্ক হচ্ছে না।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’ এ এসে এসব কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, সংসদ হওয়া উচিত ছিল আইন প্রণয়ন এবং রাষ্ট্রযন্ত্রকে জবাবদিহিতার আওতায় আনার জায়গা। কিন্তু ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে এক ধরনের সমঝোতার রাজনীতির কারণে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বহীন হয়ে পড়ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।
তিনি আরও বলেন, সংবিধানে বিদেশি চুক্তি সংসদে আলোচনার বিধান থাকলেও বড় বড় বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সীমান্ত হত্যার মতো সংবেদনশীল বিষয়েও বিরোধী দলের জোরালো ভূমিকা অনুপস্থিত। এই ধরনের নির্লিপ্ততা সংসদকে ভবিষ্যতে একটি নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত করতে পারে।





