Advertisement

গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ

এশিয়া পোস্ট ডেস্ক
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ যাচ্ছে না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (২২ জুলাই) রাতে দৈনিক আগামীর সময়কে এ তথ্য জানান তিনি।

চিফ হুইপ বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ তখনই শূন্য হয়, যদি কোনো সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন, অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। কিন্তু গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এ দুটির কোনোটিই ঘটেনি। ফলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না।

জামায়াত যদি তার সদস্যপদ বাতিলে স্পিকার ও ইসির কাছে আবেদন করে তাহলে তার সদস্য পদ থাকবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, জামায়াত যদি সে ধরনের কোনো পদক্ষেপ নেয় সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। সেক্ষেত্রেও তিনি পদত্যাগ করেছেন কিনা সে প্রশ্নটি উঠবে।

এর আগে এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।