সরকারের ব্যাংক ঋণ ১ লাখ ৩১ হাজার কোটি টাকা

এশিয়া পোস্ট ডেস্ক
সরকারের ব্যাংক ঋণ ১ লাখ ৩১ হাজার কোটি টাকা
টাকা

২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৭ হাজার কোটি টাকা বেশি। তবে এ নিয়ে আপাতত বড় কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, গত অর্থবছরে সরকারি খাতে ঋণের চাহিদা কম ছিল। পাশাপাশি বেসরকারি খাতেও ঋণের চাহিদা দুর্বল থাকায় সরকারের অতিরিক্ত ঋণগ্রহণে ব্যাংকিং খাতে সংকট তৈরি হবে না বা শিল্প খাতের অর্থায়নে চাপ পড়বে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশে নেমে এসেছে, যা বিনিয়োগের ধীরগতির প্রতিফলন। এ বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৮ শতাংশ এবং অর্থবছর শেষে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। ফলে সরকারের ঋণ গ্রহণের কারণে শিল্পকারখানা ও উৎপাদন খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।

এছাড়া অর্থনৈতিক কার্যক্রম বিবেচনায় রেখে সরকারি ঋণ ও ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।