বেরোবিতে ‘আবু সাঈদ দিবস’ কমিটিতে আওয়ামীপন্থি শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
বেরোবিতে ‘আবু সাঈদ দিবস’ কমিটিতে আওয়ামীপন্থি শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আওয়ামীপন্থি ‘নীল দল’-এর শিক্ষকদের দিয়ে ‘আবু সাঈদ দিবস’ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে এই কমিটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলীর অনুমতিতে রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান এই কমিটি গঠনের আদেশ জারি করেন। আদেশ অনুযায়ী নতুন এই কমিটির প্রধান বা আহ্বায়ক করা হয়েছে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. শাহজামানকে।

শিক্ষার্থীদের অভিযোগ, তিনি আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ তৈরির পেছনে অন্যতম সক্রিয় সদস্য ছিলেন এবং দলটির সব কর্মসূচিতে অংশ নিতেন।

এ ছাড়া কমিটির সদস্য সচিব করা হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মো. মাসুদ রানাকে। শিক্ষার্থীদের দাবি, মাসুদ রানাও নীল দলের নেতা ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় নানা সুবিধা পেয়েছেন। এমনকি ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর রংপুরের জনসভায় এসএসএফ পাস নিয়ে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এই কমিটি গঠনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী বলেন, ‘যারা অতীতে সরাসরি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, এমন ব্যক্তিদের দিয়ে ‘শহীদ আবু সাঈদ দিবস’ পালন কমিটি গঠন করা হয়েছে। এটি শহীদ আবু সাঈদের আত্মত্যাগের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং তার স্মৃতির প্রতি অসম্মানজনক বলে আমরা মনে করি। শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাতে বিতর্কমুক্ত, গ্রহণযোগ্য ও সর্বজনস্বীকৃত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা উচিত ছিল।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান উল্টো প্রশ্ন করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থি নন এমন দুই-তিনজন শিক্ষকের নাম বলতে পারেন?’ এরপর তিনি সরাসরি দেখা করে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন।