উত্তর ও দক্ষিণাঞ্চলকে অ্যাগ্রিকালচারাল হাব করা হবে: মির্জা ফখরুল

দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে অ্যাগ্রিকালচারাল হাব ও ইন্ডাস্ট্রি তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন-২০২৬ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, ইদানীং ২০ কোটি মানুষের ফুড সিকিউরিটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে কৃষিতে উদ্বৃত্ত উৎপাদন করে বাইরে থেকে অর্থ উপার্জনের বিষয়টিও আছে। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে দেশে এখন প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার আছে তাদের কর্মসংস্থান তৈরি করা।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের যে সুযোগ এসেছে এই সুযোগ যেন অন্ধকারের দিকে না যায়, এটাকে আলোর দিকে নিতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের পরিবর্তিত টেকনোলজি এবং নতুন নতুন চিন্তাভাবনাকে রপ্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১৬ এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল বাশার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ডিন এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি ড. মো. আব্দুল লতিফের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করা হয়।
.png)






