বিনিয়োগের প্রলোভনে ১৪ কোটি টাকা আত্মসাৎ, স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিনিয়োগের প্রলোভনে ১৪ কোটি টাকা আত্মসাৎ, স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার
ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে যৌথ ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ এর মালিক সৌমেন সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ব্যবসায়িক সূত্রে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে পরিচয় হয় সৌমেন সাহার। করোনাকালে তাদের মধ্যে পারিবারিক ঘনিষ্ঠতা ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ আমদানির কথা বলে প্রথমে ৫০ লাখ টাকা ধার নেন।

পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘Trust Gold & Diamond Ltd.’ নামে একটি নতুন স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠানে ভুক্তভোগীকে অংশীদার করার প্রলোভন দেখিয়ে আরও ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। পরে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও চেকের মাধ্যমে মোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা গ্রহণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিনিয়োগের দীর্ঘ সময় পার হলেও ভুক্তভোগীকে ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব দেননি সৌমেন সাহা। বরং হিসাব চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং এক পর্যায়ে ভুক্তভোগীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে হাতিরঝিল এলাকা থেকে সৌমেন সাহাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশের একটি দল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।