পুলিশ পরিচয়ে প্রতারণা, যাত্রাবাড়ীতে গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
পুলিশ পরিচয়ে প্রতারণা, যাত্রাবাড়ীতে গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে লাবু কাজী (৩৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার শিকার এক ব্যক্তির আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়।

Advertisement

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানা গেটের সামনে অভিযান চালিয়ে লাবু কাজীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নিজেকে থানার সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিতেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, তোতা মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে ‘ভিকটিম উদ্ধার’-এর কথা বলে ৫ হাজার টাকা নেন লাবু। একইভাবে মিলন নামে এক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে তার ভাইয়ের কাছ থেকে আদায় করেন আরও ১৫ হাজার টাকা।

পুলিশের দাবি, লাবু কাজীর প্রতারণা শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। থানার আশপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের ব্যবসায়ী ও আড়তগুলোতেও পুলিশ পরিচয় দিয়ে নিয়মিত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।