পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তাজিয়া মিছিল অংশ নেওয়া এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকেলে তাজিয়া মিছিল চলাকালে বাংলাবাজার এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।






