শাহজালালে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা বিপুল পরিমাণ উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে বিমানবন্দরের আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। পরে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে ২১টি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল শুক্রবার দুপুর দেড়টার দিকে শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকার মোল্লাকে সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।
আবু সাঈদ মিয়া জানান, এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়ার সিম ব্যবহৃত একটি ওপ্পো (ওপিপিও) স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার মোল্লা জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে তার ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
.png)






