বংশালে ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বংশালে ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালে ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ইব্রাহীম ওরফে টগর (২৭), মো. নাসির (৩৫), মো. মিরাজ (৫৩), রেজাউল করিম ওরফে মুরাদ (৪০), মো. ইমরান (২২) ও আমেনা বেগম (৩০)।

Advertisement

বংশালের নবাবপুর ফাঁড়ির ২৫১/১ ভাঙা বাড়ির ভেতরে সোমবার (২২ জুন) রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী মঙ্গলবার (২৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বংশালের ভাঙা বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় মামলা করা হয়েছে। মাদক কারবারিদের আজ আদালতে পাঠানো হবে বলেও জানান এডিসি নিয়াজ।