বিশ্বের দূষিত শহরের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা থেকে ৮টার হালনাগাদ তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১১০। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ সূচক ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৯২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। ১৫২ স্কোর নিয়ে ভারতের আরেক মেগাসিটি কলকাতা রয়েছে চতুর্থ অবস্থানে।
এর পরের অবস্থানগুলোতে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৯), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩২), কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা (১২৪) এবং কাতারের দোহা (১২১)। ১১০ স্কোর নিয়ে ঢাকা নবম এবং ১০৫ স্কোর নিয়ে মিশরের কায়রো ১০ম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী ০ থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘সহনীয়’ বা ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর ৩০১ বা তার বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়।







