Advertisement

মাদকসেবীদের বাধা দেওয়ায় কেয়ারটেকারকে কুপিয়ে জখম

এশিয়া পোস্ট প্রতিবেদক
মাদকসেবীদের বাধা দেওয়ায় কেয়ারটেকারকে কুপিয়ে জখম
ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে মাদক সেবনে বাধা দেওয়ায় একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকসেবীরা। আশঙ্কাজনক অবস্থায় মো. রাসেল (৩৩) নামে ওই কেয়ারটেকার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেল সোয়া ৩টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

আহত রাসেল হবিগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি দক্ষিণখানের ফায়দাবাদের ওই নির্মাণাধীন ভবনেই কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকা ও এর আশপাশের কিছু বখাটে এবং কিশোর গ্যাংয়ের মাদকসেবীরা ওই ভবনটিতে মাদক সেবনের উদ্দেশ্যে প্রবেশ করতে চেয়েছিল। তখন কেয়ারটেকার রাসেল তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের সঙ্গে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। রাসেলের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বখাটেদের কোপে রাসেলের মাথা ও দুই পায়ে গুরুতর জখম হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাঁটুর মাংস কেটে হাড় প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল সোয়া ৫টার দিকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা অভিযোগ দায়ের করবেন।

হামলাকারীদের পরিচয় ও ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।