রাজধানীতে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীতে অটোরিকশাচালক দিদারুল ইসলামকে অজ্ঞান করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রমজান (২৪)।

ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুন রাত ৯টার দিকে খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন ভোর ৪টার দিকে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওয়ারী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে ওয়ারী থানা পুলিশ। গত ৮ জুলাই রাতে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে, অর্থাৎ রোববার ভোর সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আরও এক সদস্য মো. রমজানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রমজান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সক্রিয় অজ্ঞানপার্টি চক্রের সদস্য। যাত্রী সেজে অটোরিকশাচালকদের অজ্ঞান করে অটোরিকশা ও মালামাল ছিনতাই করাই ছিল তাদের কৌশল।

গ্রেপ্তার রমজানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।