‘চশমা সাঈদকে’ গলা কেটে হত্যা

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাঈদ সরদার ওরফে ‘চশমা সাঈদকে’ গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাঈদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে এগিয়ে গিয়ে তারা সাঈদ সরদারের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি রক্তমাখা ধারালো ছুরি পড়ে ছিল। পরে বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।






