সারওয়ার আলমকে সিলেটে পুনর্বহালের দাবিতে লন্ডনে মানববন্ধন

সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের পুনর্বহালের দাবিতে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে মানববন্ধন করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) বিকেএল এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারওয়ার আলম সিলেটের উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দায়িত্বকালে পাথর চুরি ও অবৈধ উত্তোলন রোধে অভিযান, মাজার ও ওয়াক্ফ-সংশ্লিষ্ট অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ এবং ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম ব্যাপক জনসমর্থন লাভ করেছিল। এসব পদক্ষেপ সিলেটে সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বক্তারা দাবি করেন, একটি সিলেটবিরোধী গোষ্ঠী, দুর্নীতিগ্রস্ত স্বার্থান্বেষী চক্র এবং বাংলাদেশবিরোধী কিছু মহল পরিকল্পিতভাবে সারওয়ার আলমের বিরুদ্ধে কাজ করেছে। সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণেই তিনি কিছু প্রভাবশালী মহলের বিরাগভাজন হয়েছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোতে লেখা ছিল ‘সততার জয় হোক’, ‘সারওয়ার আলমকে পুনর্বহাল করতে হবে’, ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন’, ‘আমরা আর্থিক স্বচ্ছতা চাই’ এবং ‘সুশাসনের পক্ষে, সারওয়ার আলমের পাশে’।
আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থে কাজ করা সৎ ও দক্ষ কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত। তারা সারওয়ার আলমের পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন এবং সিলেটের উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করেন।
মানববন্ধনটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে অংশগ্রহণকারীরা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।






