Advertisement

সীমান্তে ফেলে যাওয়া ভারতীয় নারীর আকুতি ‘মুম্বাই মে ভেজ দো’

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
সীমান্তে ফেলে যাওয়া ভারতীয় নারীর আকুতি ‘মুম্বাই মে ভেজ দো’
‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে জোর করে সীমান্তে ফেলে যাওয়া হয় তিন সন্তানসহ নারীকে। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে তিন শিশুসহ এক ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল তাদের প্রবেশ করতে দেয়নি। এ সময় ওই নারী কান্নাজড়িত কণ্ঠে বারবার হিন্দিতে আকুতি জানিয়ে বলেন, ‘মুম্বাই মে ভেজ দো’ (আমাকে মুম্বাইয়ে পাঠিয়ে দিন)।

রোববার (২৬ জুলাই) সালদানদী সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারী দাবি করছেন তার কাছে আধার কার্ডসহ ভারতের সব ধরনের পরিচয়পত্র রয়েছে।কিন্তু তাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে জোর করে সীমান্তে ফেলে যাওয়া হয়েছে। তার স্বামী ভারতের মুম্বাইয়ে থাকেন, তাই তাকে যেন সেখানে পৌঁছে দেওয়া হয়—এ জন্য তিনি বিজিবির কাছে আকুল আবেদন জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, তিন শিশুসহ এক নারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। সালদানদী বিওপির নিয়মিত টহলরত বিজিবি সদস্যরা শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।

তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিষয় :কুমিল্লা