Advertisement

গাইবান্ধার ক্যাসিনো এজেন্ট আটক

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
গাইবান্ধার ক্যাসিনো এজেন্ট আটক
আটক আব্দুর রাজ্জাক। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। এর আগে রোববার (১৯ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক ওই গ্রামের নূরুন্নবীর ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক তার নিজ বাড়িতে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন ক্যাসিনো পরিচালনা করছিলেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোন ও অ্যাপসহ তাকে আটক করা হয়।

এ সময় আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার স্বজনরা অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) জহুরুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মীর শিবলী কায়েসের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে নিরাপদে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।