Advertisement

‘কখন এসে ধাক্কা দেয়, সেই আতঙ্কে থাকতে হয়’

এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
‘কখন এসে ধাক্কা দেয়, সেই আতঙ্কে থাকতে হয়’
খাগড়াছড়ি পৌর শহর। ছবি : এশিয়া পোস্ট

খাগড়াছড়ি পৌর শহরে বর্তমানে যাত্রীবাহী ইজিবাইক (টমটম) যেন প্রধান বাহনে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মানুষের অনুপাতের তুলনায় শহরে এখন টমটমের সংখ্যাই বেশি। শহরের প্রায় প্রতিটি সড়কে যত্রতত্র পার্কিং, বেপরোয়া ওভারটেকিং, অনিয়ন্ত্রিত গতি এবং অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনা। ফলে সাধারণ পথচারীদের কাছে টমটম এখন এক আতঙ্কের নাম।

স্থানীয় টমটম চালক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি শহরে বর্তমানে প্রায় তিন হাজার টমটম চলাচল করছে।

সাধারণ পথচারী রাকিব মনি ইপ্তি বলেন, টমটমগুলোর কোনো নম্বর নেই। পাশাপাশি লাইসেন্স ও প্রশিক্ষণবিহীন অল্পবয়সী চালকদের কারণে দিনদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাস্তা দিয়ে চলাচলের সময় আতঙ্কে থাকতে হয়—কখন যেন পেছন থেকে এসে টমটম ধাক্কা দেয়! পৌর শহরে বের হলেই প্রতিদিন ছোটখাটো টমটম দুর্ঘটনা চোখে পড়ে।

কলেজ গেট টমটম মালিক সমিতির সভাপতি আব্দুল সবুর বলেন, বর্তমানে পৌর শহরে দুটি টমটম সমিতি রয়েছে। আমাদের অধিকাংশ চালকই দরিদ্র, টমটম চালিয়েই তাদের সংসার চলে। প্রায় ছয়-সাত বছর আগে পৌরসভা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল; এরপর আর কোনো প্রশিক্ষণ হয়নি। এছাড়া সমিতির বাইরে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য টমটম শহরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মো. সোহেল নামে এক টমটম চালক বলেন, আমরা নিয়ম মেনে গাড়ি চালাতে চাই। কিন্তু শহরের বাইরে থেকে অনেক টমটম ঢুকে পড়ে। এতে যাত্রী তোলা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়। সরকার যদি নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং সবার জন্য একই নিয়ম কার্যকর করে, তাহলে দুর্ঘটনা কমবে এবং যানজটও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।

খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সুমন জাহিদ লোভেল বলেন, খাগড়াছড়ি শহরে চলাচলকারী যানবাহনের প্রায় ৮৫ শতাংশই টমটম। যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। তবে টমটম মোটরযান আইনের আওতায় না থাকায় সরাসরি মামলা দেওয়া যায় না; এগুলো পৌরসভার নিয়ন্ত্রণাধীন। পৌর শহরের টোকেনপ্রাপ্ত গাড়ির বাইরে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকেও অনেক টমটম শহরে প্রবেশ করে। এসব চালকের বেশিরভাগেরই প্রয়োজনীয় দক্ষতা বা রোড পারমিট নেই। পৌরসভা ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।

খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার বলেন, পৌর শহরের সড়কগুলো তুলনামূলক সরু হওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা টমটম চালক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করেছি। আশা করছি খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।