ফুটবল খেলা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে মস্তফা কাজি (৭৪) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মস্তফা কাজি সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজির ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে পার্শ্ববর্তী মহারাগ গ্রামে বসবাস করতেন। তবে তার দুই ছেলে ও তাদের পরিবার এখনও পলইডাঙ্গা গ্রামেই থাকেন।
নিহতের পুত্রবধূ কাকলী খানমসহ পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারাগ এবং ভদ্রবিলা গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বিকেলে দুই গ্রামবাসীর আলোচনায় বসার কথা ছিল। সেই লক্ষ্যে মোস্তফা কাজি বাড়ি থেকে পলইডাঙ্গা বাজারের দিকে আসছিলেন। পথে মহারাগ এলাকায় রাস্তার পাশে কলাগাছের ঝোপের মধ্যে ওতপেতে থাকা ভদ্রবিলা গ্রামের লোকজন মোস্তফা কাজিকে পায়ে ও মাথায় কুপিয়ে এবং হাতুড়িপেটা করে হত্যা করে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পুত্রবধূ কাকলীসহ পরিবারের সদস্যরা।
নিহতের স্বজন মনুসুর আলী বলেন, ফুটবল খেলার বিরোধ মীমাংসা করতে এসে খুন হলেন মোস্তফা কাজি। তাকে একা পেয়ে নির্মমভাবে হত্যা করল ভদ্রবিলা গ্রামের লোকজন। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচার দাবি করছি।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, হাসপাতালে আনার আগেই মোস্তফা কাজি নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে কোপসহ গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।




