বরিশাল জেলা প্রশাসকের বিরুদ্ধে বিক্ষোভ

হত-দরিদ্রদের সহায়তা করা বন্ধ রাখায় বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ নারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সহায়তা পানননি। এতে জেলার শত শত ছিন্নমূল মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তিনি অফিস সহায়কের মাধ্যমে বক্তব্য না দেওয়ার কথা জানান। পরে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে জেলা প্রশাসক ছিন্নমূল মানুষদের সহায়তার বিষয়ে উত্তর না দিয়ে বলেন, ‘আবার দেখা হবে’।
২০২৫ সালের ১৩ নভেম্বর জেলা প্রশাসক হিসেবে বরিশালে যোগদান করেন খায়রুল আলম সুমন। দায়িত্বপালনকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানান অনিয়মের অভিযোগ ওঠে। বুধবার (১ জুলাই) তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।





