ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: প্রতীকী

কুমিল্লার ব্রাক্ষ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং একই গ্রামের আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, আজ দুপুরে ইমরান, জোনায়েদ ও বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে ডুবে যায়। তখন বাইজিদ চিৎকার করে আশপাশের লোকদের ডাকতে থাকে।

বাইজিদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাক্ষ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, ‘পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাক্ষ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে যায়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে।’

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই মজিদ।

বিষয় :কুমিল্লা