বিএনপি-ছাত্রদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

বিএনপি, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) সকালে অনির্দিষ্টকালের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়।
হবিগঞ্জে দলীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার বিকেলে আবারও সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। অন্যদিকে সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধরা জারি করা হয়।
বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, জনসভা, মাইকিং, স্লোগান ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির সমাবেশ শেষে থানা মোড় এলাকায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও জেলা সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন রয়েছেন।
সংঘর্ষের জন্য এনসিপি ছাত্রদলকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল।
পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
.png)






