Advertisement

মৌলভীবাজারে চা বাগান থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
মৌলভীবাজারে চা বাগান থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার
লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত সংস্থা ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা সাপটি উদ্ধার করেন।

স্থানীয় ও বাগান সূত্রে জানা গেছে, দুপুরে ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে কাজ করার সময় চা-শ্রমিকরা অজগরটি দেখতে পান। বিশাল সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাগান কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বন বিভাগকে জানায়।

বন বিভাগের নির্দেশনা ও সহায়তায় বন্যপ্রাণী সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, অজগরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকলে দ্রুতই এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।