সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কিশোর আটক

ফরিদপুর শহরতলীর আলিপুর এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা আলিপুর রেললাইন এলাকায় একটি চা-সিগারেটের দোকান চালান। বিকেলে শিশুটি বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত কিশোর তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সে শিশুটিকে ধর্ষণচেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে ওই কিশোরকে আটক করে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই তিনি হাসপাতালে গিয়ে ওসিসিতে চিকিৎসাধীন শিশুটিকে দেখে এসেছেন এবং তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন।
তিনি আরও বলেন, আমরা অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় এনেছি। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে আটক কিশোরকে আদালতে পাঠানো হবে।






