Advertisement

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় কিশোরী গুলিবিদ্ধ
মানচিত্রে খুলনা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

খুলনা নগরীতে ফাতেমা আক্তার তন্বী নামে এক কিশোরী রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর হরিণটানা থানার আন্দিরঘাট এলাকার মল্লিকবাড়ি রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তন্বী (১৬) আন্দিরঘাট এলাকার মল্লিকবাড়ি রোডের সামসু ভিলার বাসিন্দা।

তবে তাকে বিদ্ধ করা বস্তুটি আগ্নেয়াস্ত্রের গুলি নাকি অন্য কোনো ধাতব বস্তু—সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এক্স-রে প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের ধারণা, এটি এয়ারগানের গুলি হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে বস্তুটি অপসারণ ও পরীক্ষা-নিরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতালে চিকিৎসাধীন তন্বী জানায়, সন্ধ্যায় খালার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়ে উঠানের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পায়। শব্দের উৎসের দিকে ঘুরে দাঁড়ানোর পরপরই ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করে। পরে দেখতে পায়, তার পা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোরীর ডান পায়ে গুলি সদৃশ একটি ধাতব বস্তু বিদ্ধ হয়ে আছে। সেটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের প্রস্তুতি চলছে। বস্তুটি বের করে পরীক্ষার পরই এটি প্রকৃতপক্ষে গুলি কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহত কিশোরীর সঙ্গে কথা বলেছে। কে বা কারা এবং কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

বিষয় :খুলনা