বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে সাত জনের মৃত্যু হয়েছে। এরমেধ্য বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ ৫ জন এবং কক্সবাজারের চকরিয়ায় দুজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে পৃথক পাহাড়ধসে এ ঘটনা ঘটে। লামা উপজেলার আজিজনগরে পাহাড়ধসে নিহতরা হলেন— মো. ইউনুস (৪০) স্ত্রী রানু আক্তার (৩৫), মো. সোলেমান (৫), মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)। এরমধ্যে প্রথম তিনজন একই পরিবারের এবং পরের দুজন স্বামী-স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভোরের দিকে পাহাড় ধসে পড়লে এলাকার মানুষ চিৎকার শুনতে পায়। চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুই ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়া কাটার ডবল তলী এলাকায় পাহাড়ধসে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা আবদুল মজিদের ছেলে ওবাইদুল ইসলাম (১৩) এবং মো. কাজলের মেয়ে রুমী আক্তার (১৩)।
বরতইলী ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দু শুক্কুর বলেন, ঘুমন্ত অবস্থায় রাত দেড়টার দিকে বাড়ির পেছনের পাহাড় ধসে তিনজন চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক একজনকে জীবিত উদ্ধার করেন। পরে চাপা পড়া অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, ভোররাতে মছনিয়াকাটা এলাকায় পাহাড়ধসে তিনজন চাপা পড়েন। তাদের মধ্যে দুই শিশুর মৃত্যু ও এক নারী আহত হয়েছেন।





