অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, খুব অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু হবে।
তিনি বলেন, পাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে মিশে আছে। একসময় সোনালি আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গেছে। আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতেই ছিল বন্ধ পাটকল মিল আবার চালু করা হবে। সেই প্রতিশ্রুতিতে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শরীফুল আলম বলেন, আপনারা জানেন আমাদের সরকারের বয়স খুবই কম তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি যাতে খুব অল্প সময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। পাশাপাশি পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিল-কারখানাগুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।
২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্লাস্টিক নিষিদ্ধ করেছিলেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর ধারাবাহিকতায় আমরা আবার প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে এই চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করা হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন—বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
.png)





