বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি কমে আসায় ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
তিনি জানান, রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
এর আগে গত শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএলে পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়।
.png)






