Advertisement

বিয়েবাড়িতে মদ মনে করে ‘মিথানল’ পান, দুই যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
বিয়েবাড়িতে মদ মনে করে ‘মিথানল’ পান, দুই যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে বিয়েবাড়ির অনুষ্ঠানে মদ ভেবে বিষাক্ত ‘মিথানল’ পানের পর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই যুবক হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ডুলিয়ার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. সজিব (২২) এবং একই উপজেলার হারোয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. রনি (২০)। সজিব কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন এবং রনি একই এলাকায় থেকে আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার এক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে তারা অ্যালকোহল ভেবে মিথানল পান করেন। পরদিন সকাল থেকে তারা অসুস্থ বোধ করলে প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খান। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাদের কোনাবাড়ীর একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার চরম অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায ব্যবধানে তারা দুজন মারা যান।

নিহত রনির নানি রেজিয়া খাতুন আক্ষেপ করে বলেন, আমি ভিক্ষা করে নাতিটাকে পড়াশোনা করাচ্ছিলাম। সে অত্যন্ত ভদ্র ছিল, কোনো ধরনের নেশা করত না। তাকে ষড়যন্ত্র করে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার ও জড়িতদের শাস্তি চাই। ঢামেক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, মিথানল পানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, ঢাকার শাহবাগ থানা থেকে দুই যুবকের মৃত্যুর খবর পেয়েছেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের বরাতে ধারণা করা হচ্ছে, তারা বাংলা মদ বা বিষাক্ত মিথানলজাতীয় কিছু পান করেছিলেন। ঘটনাটি গত ১৩ জুলাইয়ের হলেও তারা আজ মারা গেছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পায়নি। আমাদের পুলিশের একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :গাজীপুর