এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
গত ২ জুলাই তিনি কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে এখনও এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
গোলাম কিবরিয়া তাপস বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দলের দায়িত্ব পালন করলেও বর্তমানে শারীরিক সীমাবদ্ধতার কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দলের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিবেচনায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির বলেন, গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। পদত্যাগপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে, জেলা কমিটি সেটিই অনুসরণ করবে। জেলার সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।
রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন, গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছেছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগপত্র পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। এনসিপি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। তাই সব সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুসারেই নেওয়া হবে।
.png)






