বন্যা পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ৩ দিন স্থগিত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা, প্রাণহানি ও স্বাভাবিক জনজীবনের ব্যাপক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে চলমান ‘জুলাই পদযাত্রা’ তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) দলটির পক্ষ থেকে জানানো হয়, বন্যাপ্লাবিত এলাকার সার্বিক মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরে পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচিগুলো আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।
এনসিপি সূত্রে জানানো হয়েছে, স্থগিত হওয়া এই কর্মসূচিগুলো পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় পুনর্নির্ধারণ করা হবে। এ বিষয়ে দলটির পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
তবে আগামী ১৯ জুলাই (রোববার) থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় মাঠে গড়াবে। ওই দিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
এদিকে দলটির উত্তরাঞ্চলের পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সূচি অনুযায়ী আজ ১৫ জুলাই (বুধবার) বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে এনসিপির পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।




