খাবারের সন্ধানে লোকালয়ে তিন বানর

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকায় হঠাৎ করেই দেখা মিলেছে তিন বানরের। বনাঞ্চল থেকে দূরে লোকালয়ে এসে অবস্থান নেওয়া বানরগুলো এখন এলাকাবাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সি মানুষ ভিড় করছেন গাছের ডালে ডালে ছুটে বেড়ানো এই প্রাণীগুলোকে একনজর দেখতে।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার হাজরাবাড়ী বাজার ও আশপাশের এলাকায় বানর তিনটিকে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে কিংবা কোনো পরিবহনের সঙ্গে করে বানরগুলো এ এলাকায় চলে এসেছে।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরেই বানরগুলোকে হাজরাবাড়ী বাজার-সংলগ্ন বিভিন্ন গাছে অবস্থান করতে দেখা যাই। কখনো আমগাছের ডালে বসে পাকা আম খাচ্ছে, আবার কখনো খাবারের খোঁজে নিচে নেমে আসছে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত গাছের উঁচু ডালে উঠে যাচ্ছে তারা। বানরগুলোর প্রতি সহানুভূতি দেখিয়ে অনেকেই কলা, বিস্কুট ও অন্যান্য শুকনো খাবার দিচ্ছেন। ক্ষুধার্ত প্রাণীগুলো সেসব খাবার গ্রহণ করছে। ফলে এলাকায় শিশু-কিশোরদের পাশাপাশি বড়দের মধ্যেও বানরগুলোকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী নয়ন বলেন, ধারণা করা হচ্ছে কোনো মালবাহী ট্রাকের সঙ্গে বানরগুলো এ এলাকায় চলে এসেছে। মানুষ তাদের খাবার দিলেও আশপাশের কয়েকটি আমগাছের বেশকিছু আম খেয়ে ফেলেছে।
মেলান্দহ বাসিন্দা সাকিব বলেন, আমার এ এলাকায় কখনো বানর দেখিনি। বানরগুলো বাজারের আশপাশের গাছে থাকে এবং আম খায়। দূর-দূরান্ত থেকেও মানুষ এগুলো দেখতে আসছে। প্রশাসন ও বন বিভাগের নজর দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, বানর অনেক সময় পথ হারিয়ে বা গাড়ির সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে চলে আসে। লোকালয়ে পর্যাপ্ত খাবার ও নিরাপদ পরিবেশ না পেলে তারা সাধারণত আবার নিজ আবাসস্থলে ফিরে যায়। তাই কিছুদিনের মধ্যেই এ বানরগুলোও বনাঞ্চলে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
.png)






