Advertisement

সড়কের পাশে বর্জ্যের স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
সড়কের পাশে বর্জ্যের স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা
হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকায় রাস্তায় পাশে ময়লার ভাগাড়। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ পৌর এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ে বর্জ্য অব্যবস্থাপনার জীর্ণ চিত্র। সড়কের পাশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লার স্তূপ। সেখানে প্রতিদিন ফেলা হচ্ছে টনে টনে বর্জ্য। নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে, আর মশা-মাছির উপদ্রবে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। প্রথম শ্রেণির এই পৌরসভায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও মিলছে না কোনো স্থায়ী সমাধান।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ-কচুয়া সড়কের মকিমাবাদ রেলসংযোগ খালের পাশ, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মিঠানিয়া ব্রিজ এলাকা এবং হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বড়পুল ব্রিজসহ একাধিক জনবহুল স্থানের খোলা জায়গায় নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পচনশীল বর্জ্য থেকে ছড়ানো দুর্গন্ধ ও বিষাক্ত পরিবেশে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও আশপাশের বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় চার দশক পেরিয়ে গেলেও পৌরসভায় এখনও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বা স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। শহরের প্রবেশ ও বহির্গমন পথের ‘স্বাগতম’ ও ‘বিদায়’ তোরণ এলাকাতেও ময়লার স্তূপ গড়ে ওঠায় পৌরসভার সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জেলায় আগত দর্শনার্থীদের কাছে পৌরসভার একটি নেতিবাচক ভাবমূর্তি ফুটে উঠছে।

জহিরুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে বর্জ্য ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে ময়লা মিশ্রিত পানি চারপাশে ছড়িয়ে পড়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এতে শিশু ও বয়স্করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

এমন পরিস্থিতিতে দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। অন্যথায় ভবিষ্যতে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা সতর্ক করেছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, রাস্তার পাশের ময়লার ভাগাড় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। বিষয়টির স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।