ফের চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
ফের চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৮ ফ্লাইটটি রোববার (৫ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

গত ২৯ জানুয়ারি সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। সেদিন হুমায়ুন কবির যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ফ্লাইটটি বন্ধ হওয়ার কারণ জানতে চান এবং রুটটি পুনরায় চালুর দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

এরপর ৪ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

সরকার দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিক সমন্বয় করেন হুমায়ুন কবির। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বিত উদ্যোগে রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত কার্যকর হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা উত্তর ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ছিল। হঠাৎ করে ফ্লাইটটি বন্ধ করে দেওয়ায় হাজারো প্রবাসী, বিশেষ করে সিলেটি কমিউনিটি চরম ভোগান্তিতে পড়ে। সরাসরি সিলেটে আসার পরিবর্তে তাদের লন্ডন হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। এতে সময়, খরচ ও দুর্ভোগ—সবই বেড়ে যায়। শুরু থেকেই আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলাম।

হুমায়ুন কবির বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন খাত-সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠকেই আমি ম্যানচেস্টার রুট পুনর্বহালের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করি। প্রধানমন্ত্রীর কাছে যুক্তি তুলে ধরি, এটি শুধু একটি বিমানসেবা নয়; প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তাই কোনোভাবেই এ রুট বন্ধ রাখা উচিত নয়। আমার প্রস্তাবকে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীও সমর্থন করেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করায় আজ বহুল প্রত্যাশিত সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে।

বিষয় :সিলেট