ভারতের সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ভারতের সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে এবং সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও দলটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনারে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিবর্তে বিএনপি শুধু ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তিনি দাবি করেন, জনগণ এ ধরনের রাজনীতি প্রত্যাখ্যান করবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে ‘লাল কার্ড’ দেখাবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন এবং আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল আহমেদ।
.png)






