Advertisement

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিদান

এশিয়া পোস্ট স্পোর্টস
অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিদান
জিনেদিন জিদান। ছবি: রয়টার্স

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের স্বপ্নের দায়িত্ব পেলেন কিংবদন্তি ফরাসি মিডফিল্ডার জিনেদিন জিদান। ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের নাম ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। চার বছরের চুক্তিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্বে থাকবেন তিনি।

মঙ্গলবার প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের কার্যালয়ে জিদানকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সংস্থাটির সভাপতি ফিলিপ দিয়ালো। ১৪ বছরের অধ্যায় শেষে সরে যাওয়া দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়েছেন ৫৪ বছর বয়সী জিদান।

দায়িত্ব নিয়ে জিদান জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ না করার পেছনে ছিল ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষা। তিনি বলেন, ‘ফ্রান্স দলই ছিল একমাত্র দায়িত্ব, যেটি আমি নিতে চেয়েছি। সে কারণেই মাদ্রিদ ছাড়ার পর কোনো ক্লাবের দায়িত্ব নিইনি।’

২০২৫ সালের জানুয়ারিতে দেশম ফ্রান্স অধ্যায় শেষ করার সিদ্ধান্ত জানানোর পরদিনই তার উত্তরসূরি হওয়ার লক্ষ্য স্থির করেছিলেন জিদান। এরপর ফেডারেশন সভাপতির সঙ্গে আলোচনায় দ্রুতই সমঝোতা হয়ে যায় বলে জানিয়েছেন তিনি।

জিদানের প্রথম পরীক্ষা হতে পারে উয়েফা নেশনস লিগে তুরস্কের মাঠে। এরপর আগামী ২ অক্টোবর স্তাদ দ্য ফ্রান্সে ইতালিকে আতিথ্য দেবে ফরাসিরা।

দুই সপ্তাহ আগে বিশ্বকাপে চতুর্থ হয়ে দেশমের দীর্ঘ দায়িত্বকাল শেষ হয়। তার শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরেছিল ফ্রান্স। ১৪ বছরে ১৮৫ ম্যাচে দলকে ১২০টি জয় এনে দিয়েছেন দেশম। তার অধীনে ২০১৮ বিশ্বকাপ ও ২০২০-২১ নেশনস লিগ জেতার পাশাপাশি ইউরো ২০১৬ এবং ২০২২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ফ্রান্স।

দেশম ও জিদান দুজনই ১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সেই আসরের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুটি গোল করেছিলেন জিদান। একই বছর জিতেছিলেন ব্যালন ডি’অর। জাতীয় দলের হয়ে ১০৮ ম্যাচে তার গোল ৩১টি, সঙ্গে রয়েছে ২৯টি গোলে সহায়তা।

খেলোয়াড়ি জীবন শেষে রিয়াল মাদ্রিদে সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন জিদান। ২০১৬ সালে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়েন। ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে ফিরে রিয়ালকে আরও একটি লা লিগা শিরোপা এনে দিয়ে ২০২১ সালে দায়িত্ব ছাড়েন তিনি।

লরাঁ ব্লাঁ ও দেশমের পর ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের তৃতীয় সদস্য হিসেবে জাতীয় দলের কোচ হলেন জিদান। নিজের ফুটবল দর্শন নিয়ে তিনি বলেন, গোল করাই তার দলের প্রধান চালিকাশক্তি হবে। পূর্বসূরিদের অনুকরণ না করে নিজস্ব পরিচয় গড়তে চান তিনি।

জিদানের ভাষায়, ‘দেশম তাঁর মতো ছিলেন, ব্লাঁ তাঁর মতো। আর জিজু থাকবে জিজুর মতো। তবে ফ্রান্সের জয়ের ধারাটা ধরে রাখাই আমার লক্ষ্য।’