আশুলিয়ায় পৃথক স্থানে দুই ভাইকে গুলি

ঢাকার আশুলিয়ায় পৃথক স্থানে দুই ভাইকে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্বৃত্তরা মোটরসাইকেল ব্যবহার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ধারণা করছে ডিশ ও ইন্টারনেট ব্যবসায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
বুধবার (২০ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নেয় ৬তলা-সংলগ্ন ভার্চুয়াল পোশাক কারখানার গলি এবং একই এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিপন ও ইসমাইল স্থানীয় সবুজ সরকারের নেট ও ডিশ ব্যবসার সঙ্গে জড়িত।
গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের পায়ে এবং পিঠে গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের একজন স্থানীয় একটি পোশাক কারখানার গলিতে ও অপরজন পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে অবস্থান করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে প্রথমে ইসমাইলকে গুলি করে এবং এর পরই পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক ধারণা ইন্টারনেট ও ডিশ ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্তে ও আইনের আওতায় আনতে একাধিক টিম কাজ করছে বলেও জানায় পুলিশ।





