বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ
অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ও একজন নারী অভিভাবক অনুমোদনহীন চিপস খাওয়ার পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Advertisement

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার বড় দুর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে চিপস কিনে খাওয়ার পর শিক্ষার্থীদের পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি শুরু হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে নিয়ে যান।

মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব রেজোয়ান বলেন, খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে মোট ১৩ জন হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ১২ জনকে মৈত্রী হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য মৈত্রী হাসপাতালের অ্যাম্বুলেন্সে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

অসুস্থরা শিক্ষার্থীরা হলো- প্রাপ্তি অধিকারী, তুফান শেখ, রাজদীপ, আখিরা, লামিয়া, জান্নাতুল, আরহী মণ্ডল, রাহুল মণ্ডল, সৃষ্টি বিশ্বাস, ফাতেমা আক্তার, আম্বিকা, প্রভাতী এবং অভিভাবক দীপিকা হালদার। তাদের মধ্যে জান্নাতুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মৈত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে কেনা অনুমোদনহীন চিপস খাওয়ার পরই শিক্ষার্থীদের মধ্যে একে একে খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।